
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।
এ ঘটনায় রোববার (২ আগস্ট) রাতে অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। একই দিন সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বালুয়া এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী কিশোরী তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একই এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন তাকে জোরপূর্বক তুলে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন ঘটনাটি টের পেয়ে এগিয়ে আসলে অভিযুক্ত নাজিম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, “ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” মামলার তদন্ত চলমান রয়েছে।

