
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের সোমবারিয়া বাজার সংলগ্ন বেলাল মাস্টারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, দেবী সিংহপুর গ্রামের হারুন মিয়া (২৬), মমিন (২২) ও জাহাঙ্গীর (২৪) সেখানে গাঁজা সেবন করছিলেন।
এ সময় একই এলাকার সায়েম (২২), রিফাত (২৩) ও শাকিব (২১) তাদের গাঁজা সেবনে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে হারুন মিয়া, সায়েম, শাকিব ও আরও একজন আহত হন। আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন ফাহিম (২২) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে মারা যান। তবে তিনি কোন পক্ষের সদস্য ছিলেন, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী পক্ষের প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ, নিহতের মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি এবং অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

