
নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সফি উল্যা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক সিএনজিচালককে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার উপজেলা গেটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সফি উল্যা কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মো. সফি উল্যা রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, সোনাপুর-কবিরহাট আঞ্চলিক সড়কের কবিরহাট থানা গেট ও উপজেলা গেটের মধ্যবর্তী শাহিনের হোটেলের বিপরীত পাশে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন তার বাবা।
এ সময় উত্তর দিক থেকে আসা একটি নম্বরবিহীন সিএনজি দ্রুত ও বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়দের সহায়তায় আহত সফি উল্যাকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তবে অ্যাম্বুলেন্সে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে পুনরায় কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় সিএনজিচালক ইউসুফ নবী (২৭)কে গাড়িসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কবিরহাট থানা-পুলিশ জানিয়েছে, আটক চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

