
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন সেতুর নিচে খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম হোসেন শরীফপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসান পুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হক সাবের ছেলে। তিনি চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করতেন এবং ঈদের ছুটিতে বাড়িতে আসছেন।
নিহতের মামা মো. ইমাম আলী জানান, ঈদের আগে আবুধাবি থেকে তার মেজো মামা আইয়ুব দেশে ফেরেন। বুধবার বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে মামার সঙ্গে দেখা করতে যান।
রাত ৯টার দিকে তিনি সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাত ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে স্বজনদের বিষয়টি জানান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করে জানায় নির্মাণাধীন সেতুর নিচে খালে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।
পরিবারের দাবি, মরদেহের হাত, নাক ও কান রক্তাক্ত ছিল। এ ঘটনায় তারা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে সাদ্দামের মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

