
নোয়াখালীর কবিরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম।
মঙ্গলবার (২ জুন) উপজেলার শিরিন গার্ডেনে আয়োজিত এ সভায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় এমপি ফখরুল ইসলাম নির্বাচিত হওয়ার পর প্রথম ১০০ দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “কোনো অনিয়মের সংবাদ প্রকাশ করতে গিয়ে কেউ যদি আপনাদের বাধা দেয়, তাহলে প্রথমে তার বিরুদ্ধেই সংবাদ প্রকাশ করবেন।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা কবিরহাট পৌরসভার উন্নয়ন, আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণ, মৎস্য ও গবাদিপশুর বাজার উন্নয়ন, শিশু পার্ক স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনদুর্ভোগ নিরসনে বিভিন্ন প্রস্তাব ও দাবি তুলে ধরেন।
জবাবে সংসদ সদস্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “কেউ যদি আমার নাম ব্যবহার করে কোনো অপকর্ম করে, তাকে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। আমি তার বিচার করব।”
এ সময় তিনি কবিরহাটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব উপজেলায় পরিণত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

