
কালবৈশাখী ঝড়ে নোয়াখালীর বিভিন্ন স্থানে সড়কের পাশে থাকা গাছপালা উপড়ে পড়ে পল্লী বিদ্যুতের লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে জেলার সোয়া আট লাখ গ্রাহকের মধ্যে ৯০ ভাগই বিদ্যুৎহীন। দীর্ঘ ১২ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে মানুষ।
সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে নোয়াখালীর বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি ও তুফান শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সেটি বজ্রসহ কালবৈশাখী ঝড়ে রূপ নেয়। এতে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। এ সময় ওসব গাছপালার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইন ও খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, রেললাইনের উপর গাছ পড়ে নোয়াখালীর সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সংস্কারের কাজ চলছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে এসব দৃশ্য দেখা যায়।
সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা মো. রায়হান জানান, রাত থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গৃহস্থালির ইলেকট্রনিকস জিনিস নিয়ে বিপাকে পড়েছেন। বিশেষ করে ফ্রিজে রাখা খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলের চার্জও প্রায় শেষ। এতে লোকজনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা বন্ধ হয়ে যাবে। দ্রুত সমস্যার সমাধান করে লাইন সচল করার দাবি জানান তিনি।
কবিরহাট উপজেলার নরোত্তমপু গ্রামের বাসিন্দা মো. সোলায়মান বলেন, ‘রাত ১২টার দিকে ঝোড়ো বাতাস শুরু হওয়ার পরপরই বিদ্যুৎ চলে যায়। ঝড়ে আশপাশে থাকা বিদ্যুতের লাইনের ওপর গাছপালা ভেঙে পড়েছে। সকাল থেকে কয়েকটি স্থানে বিদ্যুৎকর্মীদের গাছপালা অপসারণের কাজ করতে দেখেছি। তবে আমাদের এলাকায় এখনো বিদ্যুৎ আসেনি।’
সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ব্যবসায়ী রিয়াদ বলেন, ‘সকাল থেকে প্রচণ্ড গরম, এর মধ্যে নেই বিদ্যুৎ। এ অবস্থায় ব্যবসাপ্রতিষ্ঠানে বসা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় কম্পিউটার, ফটোকপি মেশিন ব্যবহার করা যাচ্ছে না। ফলে ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়েছি আমরা।
কবিরহাট উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জসিম উদ্দিন বলেন, বেশীরভাগ লাইন ক্ষতিগ্ৰস্থ হয়েছে। মেরামতের কাজ চলছে, কাজ শেষ হলেই বিদ্যুৎ পাবে গ্ৰাহক।
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সরোয়ার জাহান বলেন, ‘পুরো জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে ৮ লাখ ২০ হাজার জন।
গত রাতের ঝড়ে বিদ্যুৎ লাইন ও খুঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লাইন ছিঁড়ে যাওয়াসহ বিভিন্ন স্থানে একাধিক খুঁটি ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে। আমাদের বিদ্যুৎকর্মীরা ভোর থেকে বিভিন্ন স্থানে কাজ করছে। আশা করছি বিকেলের মধ্যে বেশির ভাগ লাইন সচল হবে।

