
বিশেষ প্রতিনিধি:
নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে ১৮ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর মাইজদীতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করেন বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত।
এসময় তিনি বলেন, “মুক্তিযুদ্ধের বিজয়, বিদ্রোহী বাঙালির জয়” এটাই মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্লোগান। এই স্লোগান টি এখন যেন শুধু স্লোগানের জন্য ও মানার জন্য নয়।
এ স্লোগানের ভেতরে রয়েছে মুক্তিযুদ্ধের বাঙালিয়ানার আনন্দ-বেদনার মহাকাব্য। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের ঘাতকদের বিচারের দাবিতে সারাদেশ যখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ-আদালত থেকেই মুক্তিযুদ্বের বিজয় মেলা শুরু করা হয়।
মাহমুদুর রহমান বেলায়েত আরও বলেন, ১৯৯২ সাল থেকে নোয়াখালীতে অনুষ্ঠিত হওয়া মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
সেই ধারাবাহিকতায় আজ ১৩ ডিসেম্বর ২০২২ থেকে ১৮ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলবে।
মুক্তিযুদ্ধের বিজয়মেলার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম, মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের সাবেক সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালীর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছে।
স্বাধীনতার স্ব-পক্ষে আজ আমরা ঐক্যবদ্ধ।বিজয় মেলার মাধ্যমে মুক্তিযুদ্ধের চর্চায় জনমত তৈরি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাব বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
মুক্তিযুদ্ধের বিজয়মেলার সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, মেলায় দেশীয় পণ্যের শতাধিক স্টল রয়েছে। প্রতিদিন মেলার মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বিষয় ভিত্তিক আলোচনা সভা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যানুষ্ঠানের আয়োজন থাকবে।
নোয়াখালী মিডিয়া/নিউজ

