
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হুমায়ুন কবির (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল সোমবার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন কবিরের চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হুমায়ুন কবির উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফতেহ মুহাম্মদের বাড়ির বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

