
নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার খালপাড়ে এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন, গনিপুর (ধন গাজী হাজী বাড়ি) এলাকার বাসিন্দা মো. ইয়াছিন (৪৮)। তিনি মৃত আবুল হাসেম ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই জাকির হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াছিনকে আটক করে তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

