
নোয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এস,আই মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি দল মহব্বতপুর এলাকার একটি মেকানিক দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের মালিক মো. আব্দুল হামিদ (৪৫)কে আটক করা হয়।
পরে দোকানে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আব্দুল হামিদ পূর্ব মহব্বতপুর (হামিদ মিয়ার বাড়ি) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

