
নোয়াখালীর বেগমগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)অভিযানে দেলোয়ার বাহিনীর প্রধান মো. দেলোয়ার হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ সুপার কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল তারিখ রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে।
এস, আই মো. জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বেগমগঞ্জ থানার রাজগঞ্জ ইউনিয়নের আলাদী নগর এলাকায় মাসুদ মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর এলাকার বাসিন্দা।
পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে ৬টি মামলা রয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র মামলাও রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

