
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ’সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে আব্দুল জলিল (৪২)কে ২০ বোতল বিদেশি মদ’সহ গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশনায় ও ডিবি’র ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিনহাজুল আবেদীনের নেতৃত্বে একটি টিম বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানটি চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর হাজীপুর এলাকার খালপাড় মাইশা লেক টাওয়ারে পরিচালিত হয়। এ সময় ভবনটির নিচতলার পশ্চিম পাশের দারোয়ানের শয়ন কক্ষে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে মোঃ আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

