
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় রূপালী ব্যাংকের একটি শাখার ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর নকল করে ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের দায়ে সাবেক এক ব্যাংক ব্যবস্থাপক কে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বেলায়েত হোসেন রূপালী ব্যাংকের সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক ছিলেন।
এজাহার সূত্রে জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ সালের ২১ অক্টোবর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর নকল করেন। জালিয়াতির মাধ্যমে তিনি গ্রাহকের ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা ব্যাংক থেকে উত্তোলন ও স্থানান্তর করে আত্মসাৎ করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে মামলাটি আদালতে আসে।
নোয়াখালী জজ আদালতের দুদকের পরিদর্শক মো. ইদ্রিস জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে তিনটি পৃথক ধারায় রায় বিচারক ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। আদালত আসামির বিরুদ্ধে দ্রুত সাজা পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন।

