
নোয়াখালীর সুবর্ণচরে সরকারের নির্দেশ অমান্য করে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনের দায়ে নুর করিম নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩০ বস্তা সার জব্দ করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভূমিহীন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো.হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো.হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভূমিহীন বাজারে অভিযান চালিয়ে সরকারের নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি সার মজুত ও অবৈধভাবে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এতে নুর করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মা বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬-এর আওতায় এ দণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে অবৈধ সার মজুত ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সুবর্ণচরের সুলেমান বাজারে সরকারের নির্দেশ অমান্য করে অবৈধভাবে সার বিক্রি ও পরিবহনের দায়ে খুচরা সার বিক্রেতা মো. সিরাজুল ইসলাম ও পরিবহনকারী রতন ব্যাপারীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২৯৭ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার সায়মার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

