
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নং চর বাটা ইউনিয়নের কলোনী রাস্তার মাথা এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকা সহ ইসমাইল হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা ১৫ মিনিট থেকে ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে সোনাপুর টু চেয়্যারম্যান ঘাট আঞ্চলিক সড়কের পাশের চায়ের দোকানের সামনে থেকে ইসমাইল হোসেনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ইসমাইল হোসেন ২নং চর বাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চর মজিদ (কলোনী রাস্তার মাথা ১নং আশ্রয়ণ প্রকল্প)এর স্থায়ী বাসিন্দা মহি উদ্দিন খোকনের ছেলে।
অভিযানের সময় ইরাক ওরফে নূপুর (৩০) নামের অপর এক সহযোগী পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের আবুল কালাম আজাদের নিকট থেকে ইয়াবা সংগ্রহ করে পলাতক আসামী নূপুরের সহযোগিতায় নিজ এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
স্থানীয়রা জানান, ইসমাইল ও নূপুর দুজনই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং মাদকের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
ডিএনসি জানায়, আটককৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান , ঘটনার পর চর জব্বর থানায় (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) সারণীর ১০(গ) ও ৪১ ধারায়) উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

