
নোয়াখালীর হাতিয়ায় ডাকাতিকালে আগ্নেয়াস্ত্র সহ স্থানীয় জনগণের সহায়তায় ইউসুফ নামের একজনকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ডাকাত মো. ইউসুফ (৪০) উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচরের মো. জসিমের ছেলে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উদ্ধারকৃত অস্ত্র সহ আটককৃত ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
এর আগে, গতরাত ২টায় উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচরের বাসিন্দা মোশাররফ হোসেন এর বাড়িতে একদল ডাকাত আক্রমণ করে।
পরে স্থানীয় জনগণ কোস্ট গার্ডকে অবহিত করলে, বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. ইউসুফ নামের ডাকাত কে একটি আগ্নেয়াস্ত্র ও ৩ টি দেশীয় অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে পাশের বাড়ি থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র টি উদ্ধার করা হয় বলে বিসিজি স্টেশন তাদের প্রেস রিলিজে উল্লেখ করেন।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন অঞ্চল সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক।

