ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. কবিরহাট
  9. কৃষি ও কৃষক
  10. কোম্পানীগঞ্জ
  11. খেলাধুলা
  12. চাকুরি
  13. চাটখিল
  14. চাঁদপুর
  15. জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া: এক রাজনৈতিক অধ্যায়ের অবসান

জহিরুল হক জহির
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ঘটালেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে দেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। জাতি হারালো একজন সাবেক প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের রাজনৈতিক নেত্রীকে, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালের ১৫ আগস্ট  দিনাজপুর জেলায়। তাঁর পিতা ইস্কান্দার মজুমদার এবং মাতা তৈয়বা মজুমদার। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্রের জননীতারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর ১৯৮০-এর দশকে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ১৯৮৪ সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এবং অচিরেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতায় পরিণত হন। স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। গণআন্দোলনের মধ্য দিয়ে ১৯৯০ সালে স্বৈরাচারের পতনের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।

১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি আরও দুই দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাঁর শাসনামল ছিল দীর্ঘতম। তাঁর নেতৃত্বাধীন সরকারের সময় সংসদীয় গণতন্ত্র সুসংহত হয়, শিক্ষা ও অবকাঠামো খাতে অগ্রগতি সাধিত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়।

২০০৭ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি বিভিন্ন আইনি ও রাজনৈতিক সংকটে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা। একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাবরণ করেন এবং পরবর্তী সময়ে গুরুতর অসুস্থতার কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়চেতা ও আপসহীন একজন রাজনৈতিক নেতা। সমর্থকদের কাছে তিনি গণতন্ত্র ও জাতীয়তাবাদের প্রতীক, আর সমালোচকদের কাছে বিতর্কিত হলেও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর প্রভাব অপরিসীম।