
নোয়াখালীতে পৃথক ২টি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, একটি গাঁজা গাছ এবং একটি বিদেশি পিস্তল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), নোয়াখালী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর একজন পলাতক রয়েছেন।
ডিএনসি সূত্রে জানা যায়, সুধারাম মডেল থানাধীন নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর, দত্তের হাট গরুর বাজার রোড এলাকায় ইউসুফ আলীর বাড়ির ভাড়াটিয়া মো. বাঁধন (২৫) ভাড়াকৃত বসতঘর সংলগ্ন নিজ দখলীয় জমিতে অভিযান পরিচালনা করা হয়।
এবং চাটখিল থানাধীন সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী বাড়ি এলাকার বাসিন্দা হেলাল হোসেন (২৮)এর নিজ দখলীয় বসতঘরেও পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ৭ ফুট ৮ ইঞ্চি লম্বা ও প্রায় ১ কেজি ওজনের একটি চাষকৃত গাঁজা গাছ, ৬১০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৬০ গ্রাম), ৪০০ গ্রাম লুজ গাঁজা এবং CZ83, CAL. 7.65 BROWNING MADE IN CHINA খচিত স্টিলের তৈরি একটি বিদেশি পিস্তল সদৃশ বস্তু ও একটি পিতলের তৈরি বুলেট (গুলি) সদৃশ বস্তু।
অভিযানে মো. বাঁধন (২৫)কে গ্রেপ্তার করা হলেও অপর আসামি হেলাল হোসেন (২৮) পলাতক রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার তফসিলভুক্ত ক্রমিক নং ১০(ক), ১৮(ক) ও ১৯(ক) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মো. বাঁধন ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে যথাক্রমে সুধারাম মডেল থানা ও চাটখিল থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন। িমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার মাদক নির্মূল ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

