
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার পোড়াবাড়ি রোডে এক আমেরিকা প্রবাসী জাবেদের বাউন্ডারি দেয়ালের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।
নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আশিকুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাত রিমন (২৫), জামিল হোসেন ওরফে রূপক (২৯) এবং রহমত উল্যাহ (২৬)-কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

