
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আমান উল্লাহ পুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তিন যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও একটি এলজি জব্দ করা হয়েছে।

(আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার)
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন, আলাইয়া পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি ও একই ইউনিয়নের ভব ভদ্রী গ্রামের নজির আহম্মদের ছেলে নিজাম উদ্দিন।

(জব্দকৃত অস্ত্র)
বৃহস্পতিবার (৪ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান।

(জব্দকৃত অস্ত্র)
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র্যাব- ১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়।
পরে তাদের দেহে তল্লাশি করে একটি এলজি জব্দ করা হয়। একই রাতে র্যাবের অপর একটি দল ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করে।

