
নোয়াখালীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পুরোনো একনলা বন্দুক (এলজি), যা ‘ওয়ান শুটার গান’ নামে পরিচিত, উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে সুধারাম থানাধীন ৪ নম্বর কাদিরহানিফ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার দারুস সুন্নাহ এবতেদায়ী মাদ্রাসার তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পারভেজ হোসেন (৩১), পশ্চিম মাইজদী, শান্তিনগর এলাকার মৃত আব্দুল হকের ছেলে এবং মো. ফয়সাল (২৩), একই এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নূরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি পুরোনো একনলা এলজি বন্দুক উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

