
নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন এন এম নাসিরুদ্দিন।
তিনি এর আগে ঢাকা মহানগর পুলিশ-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এ বদলির নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন-কে Criminal Investigation Department>-এ বদলি করা হয়েছে।
বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা এন এম নাসিরুদ্দিন এর আগে ডিএমপির পরিবহন বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ২৮ মার্চ ডিএমপির তৎকালীন কমিশনার মো. সারওয়ার তাকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের দায়িত্ব প্রদান করেন।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে। নতুন দায়িত্বে এন এম নাসিরুদ্দিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা নোয়াখালীর পুলিশ প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

