
নোয়াখালীর সুধারাম মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আরও ১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন বিকেল ৪টায় সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার বাঁধের বাজারস্থ জিরো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কতিপয় সদস্য সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল এবং সড়কে ব্যারিকেড দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে।
এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
মামলার পর নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ আজ ১৯ জন আসামিকে গ্রেফতার করে। এ নিয়ে মামলাটিতে এখন পর্যন্ত সর্বমোট ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মামলার তদন্ত কার্যক্রম ও আসামি গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

