
নোয়াখালীর সুধারাম মডেল থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আরও ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জুন ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে সুধারাম থানাধীন ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার বাঁধের বাজার জিরো পয়েন্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কতিপয় সদস্য সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে।
এ সময় তারা সড়কে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচলে বিঘ্ন ঘটায় এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।
মামলার তদন্তের ধারাবাহিকতায় সোমবার নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারকৃত আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

