
মোহাম্মদ ছানা উল্যাহ সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি >>>
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়ার হাট এলাকায় একটি ভাড়া বাসা থেকে মো.রিয়াজ উদ্দিন (৩৫) নামের এক অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত রিয়াজ উদ্দিন চরজব্বর ইউনিয়নের চর হাসান গ্রামের হারুন মাঝি বাড়ির মো.চৌধুরীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় অটোরিকশা চালাতেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

