
নোয়াখালীর সুবর্ণচরে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপভ্যান সহ দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার-হাজীরহাট সড়কের ভূঁইয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার শরীফ (৩৯) ও নোয়াখালীর চরজব্বার এলাকার নূর নবী (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে চরজুবলী ইউনিয়নের বাঘেরহাট সড়কের ওপর একটি পিকআপভ্যানের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। জনতা গাড়িটি থামানোর সংকেত দিলে চালক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র উঁচিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে ধাওয়া দিয়ে গাড়ি সহ দুজনকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। তবে এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
সুবর্ণচর থানার (ওসি তদন্ত) দেবাশীষ সরকার জানান, আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ বর্তমানে ডাকাতদের ব্যবহৃত বাকি অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

