
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ডাক্তারের ভূল চিকিৎসায় রোগির মৃত্যুর অভিযোগ উঠেছে।
জানা গেছে, জেলা শহর মাইজদী হাউজিং এলাকার ই.এন.টি হাসপাতালে নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা.মো.মজিবুল হকের ভুল অপারেশনে রিংকি আক্তার (২০) নামের এক রোগির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক’সহ হাসপাতালটির অন্য কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উত্তেজিত জনতা হাসপাতালটি ভাংচুরের চেস্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রোগির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, দুই দিন আগে এই রোগি চিকিৎসা নেয়। আজ রক্তপাত শুরু হলে তাকে বেগমগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা গেলে রোগির স্বজনরা মাইজদী হাসপাতালে নিয়ে আসে। আমরা সেখান থেকে লাশ উদ্ধার করি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

