
ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সঙ্গে নয়, নোয়াখালীর স্বনামেই স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবি নিয়ে উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী।
রবিবার (৫ অক্টোবর) জেলা শহর মাইজদী, সেনবাগ’সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের জনগণ।
দিবসের মূল বিক্ষোভ সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কে প্রবেশ করলে হাজার-হাজার সাধারণ মানুষ এতে যোগ দেন। বিক্ষোভ-সমাবেশে জেলার বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক’সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীসহ আশপাশের জেলা নিয়ে স্বতন্ত্র নোয়াখালী বিভাগের ঘোষণা দাবি করেন। বক্তারা জানান, ঢাকা থেকে মাত্র ৮০ কিমি দূরে থাকা কুমিল্লা নয়, বরং ১৬০ কি:মি দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীর জনগণের অনুমতি ও গণশুনানি ছাড়া কুমিল্লার সঙ্গে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হলে তা কখনোই নোয়াখালীবাসী মেনে নেবে না।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাংবাদিক সাইফুর রহমান রাসেল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাও: আতা উল্যাহ, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সেনবাগ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম.এ. আউয়াল, ভিপি মফিজুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাও: নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল, সমন্বয়ক শাহ জালাল, মুক্তিযোদ্ধা আবু তাহের’সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।

