
নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ট্রলার দ্বিখণ্ডিত হয়ে গেছে। এ সময় হেমা মিয়া (৪০) নামের এক জেলে দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ হেমা মিয়া লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ জন জেলে’সহ চেয়ারম্যান ঘাটে ফেরেন মাস্টার মাঝি। বাকি সবাই কয়েক দিনের ছুটিতে বাড়ি গেলেও ট্রলারটি পাহারা দিতে ঘাটেই থাকেন হেমা মিয়া।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রান্নার সময় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ট্রলারটি দুই টুকরো হয়ে যায়। এ ঘটনায় জেলে হেমা মিয়া মারাত্মকভাবে দগ্ধ হন। পরে পার্শ্ববর্তী অন্যান্য জেলেরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ট্রলারের মাঝি নিজাম বলেন, হেমা মিয়া মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে। নৌকাটি ফাটল ধরে দিখন্ডিত হয়ে গেছে। এমনিতেই নদীতে মাছ নাই। তার উপর ঋণের বোঝা। সব মিলিয়ে আমরা শেষ হয়ে গেলাম।
চেয়ারম্যান ঘাটের ব্যবসায়ী মো.আকবর হোসেন বলেন, জেলেদের জীবন বড় কঠিন জীবন। ঋণের চাপ, নদী ভাঙন, মাছ না পাওয়া, সব কিছু মিলিয়ে মরলেও শান্তি নেই তাদের। আমরা হেমা মিয়ার জন্য দোয়া করছি। তবে সরকারের কাছে আবেদন করছি তার চিকিৎসার জন্য সরকার যেন ব্যবস্থা গ্রহণ করেন।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, বিষয়টি আমি জেনেছি। রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে জেলে হেমা মিয়া হাসপাতালে আছে। ট্রলারের কি কি ক্ষতি হয়েছে তা দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

