
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
শুক্রবার (১৫ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ভূমিহীন বাজার জামে মসজিদে জুমার নামাজের পর তিনি এ প্রার্থনা করেন।
উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্যে আবদুল হান্নান মাসউদ বলেন, বেগম খালেদা জিয়া বাংলার একমাত্র আপসহীন নেত্রী। তিনি যদি আপস করতেন, তাহলে এতো বড় একটা গণঅভ্যুত্থান হতো না, শেখ হাসিনার পতনও হতো না। তিনি অসুস্থ, উনার সুস্থতার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করি।
এর আগে চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন কবলিত এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে মাটির নিচে কিংবা আয়না ঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আমি আজ আপনাদের সামনে এসে কথা বলতে পারছি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত ও হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছুল তিব্রিজ, ইউসুফ রেজা’সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

