
নোয়াখালী জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটিতে মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক এবং হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব করা হয়েছে ।
রোববার (২ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক মাহবুব আলমগীর আলো জেলা বিএনপির বিদায়ী কমিটির সদস্য এবং সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র ছিলেন।
আহ্বায়ক কমিটিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এ,বি,এম জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং বিদায়ী কমিটির সভাপতি এ,জেড,এম,গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানকে সদস্য করা হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সর্বশেষ গত ২০১৬সালের ৩১ডিসেম্বর নোয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে ১৫জন আহত হলে কমিটি ঘোষণা স্থগিত হয়।
পরে ২০১৭সালের ২৩এপ্রিল কেন্দ্র থেকে এ,জেড,এম,গোলাম হায়দাকে সভাপতি এবং অ্যাডভোকেট আবদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল।

