
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হওয়ার পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে হাজী মো.ইব্রাহীমকে সভাপতি ও জহিরুল হক রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ এ কমিটি অনুমোদন দেয়।
কবিরহাট উপজেলার ইউনিয়ন ও পৌরসভার দলীয় কাউন্সিলরদের সমর্থনে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন এ কমিটি ঘোষণা করেন। এর আগে বিকেল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সহিদ উল্যাহ খাঁন সোহেল প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নুরুল আমিন রুমিকে সভাপতি ও জহিরুল হক রায়হানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।
নোয়াখালী মিডিয়া/নিউজ

