
নোয়াখালী হাতিয়ার ভাসানচর সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে এমভি মৌ-মনি নামে একটি কার্গো জাহাজডুবে যাওয়ার পর ১১ নাবিককে উদ্ধার করেছেন মাছ ধরার ট্রলারের মাঝি-মাল্লারা। তবে এখনও এক নাবিক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের উদ্ধার করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে হাতিয়ার ইসলাম চরের কাছে জাহাজটি ডুবে যায়।
স্থানীয় জেলেরা জানায়, এমভি মৌ-মনি নামের একটি জাহাজ চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ভাসানচরের পূর্ব অংশের ইসলাম চর এলাকায় পৌঁছালে দুপুর ১২টার দিকে ১২ নাবিক ও মালামালসহ জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১২ নাবিক ডুবে যাওয়া জাহাজের ওপরের অংশ ধরে ভাসতে থাকে। এ সময় নাবিকরা ৯৯৯-এ কল দিয়ে সহযোগিতা চান।
পরে হাতিয়া নৌ-পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলের দিকে রওনা হয়। এরমধ্যে একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ডুবে যাওয়া জাহাজের নাবিকদের দেখতে পেয়ে তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জানান, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছার আগেই জেলেদের একটি বোর্ড নাবিকদের উদ্ধার করে। তাদেরকে নিরাপদে পৌঁছানোর সব ব্যবস্থা করছে কোস্টগার্ড। তবে এখনো এক নাবিক নিখোঁজ রয়েছে।

