
নোয়াখালীতে একটি ভাড়া বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাইজদীর উত্তর ফকিরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম সাদিয়া ইসরাত ওরফে মিম (২৪)। তার বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণী কলেজ ছাত্রী। কিছুদিন আগে তিনি ভালোবেসে লক্ষ্মীপুরের বাসিন্দা এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির ছাত্র দ্বীন মোহাম্মদকে বিয়ে করেন। পরিবারের অমতে দুজনের বিয়ের পর মাসখানেক আগে উত্তর ফকিরপুর এলাকার ভাড়া বাসাটিতে ওঠেন দুজন। সকালে ভাড়া বাসাটিতে ওই তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে বাসার মালিক পুলিশকে খবর দেন।
বাসার মালিক ফজলুল কাদের চৌধুরী বলেন, দুজন চলতি মাসের ১ তারিখ থেকে বাসাটি ভাড়া নিয়েছেন। তবে খালি থাকায় গত মাসের শেষের দিকেই দুজন বাসাটিতে ওঠেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী সুধারাম থানার উপপরিদর্শক (এসআই ) জয়নাল আবদিন বলেন, ওই তরুণীর মৃত্যু কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার থুতনিতে কালশিটে দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত তরুণী ও তার স্বামী ছাড়া বাসাটিতে আর কেউ থাকতেননা। ঘটনার পর থেকে ওই তরুণীর স্বামী আত্মগোপনে রয়েছেন। তাকে পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম মিডিয়াকে বলেন, ওই তরুণীর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে। তার স্বামীকে খোঁজা হচ্ছে।

