
নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে নানার বাড়িতে রেখে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল নিয়ে এক প্রবাসীর স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় চাটখিল দক্ষিণ বাজার মসজিদের মুয়াজ্জিন মো. রিয়াজ হোসেনের (২৬) বিরুদ্ধে পরকীয়ার টানে ওই নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা মোসা. নাজমা আক্তার (৬০) চাটখিল থানায় চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন।
স্বামী বিদেশে থাকায় নিশাত তাঁর তিন সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করছিলেন।
অভিযোগে বলা হয়, চাটখিল দক্ষিণ বাজারের নোমান হাসপাতালের পেছনের মিজি বাড়ি মসজিদের মুয়াজ্জিন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের সঙ্গে নিশাত আক্তারের গোপন সম্পর্ক গড়ে ওঠে।
এই ধারাবাহিকতায় গত ২৭ জুন দুপুর আনুমানিক আড়াইটার দিকে রিয়াজ হোসেন কৌশলে নিশাতকে নিয়ে চলে যান।
যাওয়ার সময় নিশাত তাঁর তিন সন্তানকে নানার বাড়িতে রেখে যান।
নাজমা আক্তার অভিযোগে আরও উল্লেখ করেন, ঘর ছাড়ার সময় নিশাত প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ, প্রায় ১৪ জোড়া কানের দুল, ৬টি আংটি, একটি চেইন, ২টি ব্রেসলেটসহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটি নিয়ে যান।
পরে নিশাতের শয়নকক্ষ তল্লাশি করে রিয়াজ হোসেন ও নিশাত আক্তারের নামে একটি যৌথ বিবাহের হলফনামা (অ্যাফিডেভিট) উদ্ধার করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হলফনামা অনুযায়ী, তারা গত ৪ মে ২০২৬ তারিখে পূর্বের কাবিননামা বাতিল করে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অভিযোগকারী দাবি করেন, বিয়ের বিষয়টি গোপন রেখে পরিকল্পিতভাবে অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

