
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে গাঁজাসহ আটক দুই কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটককৃত ২ মাদক কারবারিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার এলাকা থেকে ছিনিয়ে নেয় তাদের স্বজনরা।
ছিনিয়ে নেয়া মাদক কারবারিরা হলো, ওই এলাকার মাদক কারবারি মো. লিটন (২৫) ও মো. মাইনুদ্দিন (৩০)।
তবে লিটন কে রাত ১০টার সময় পুলিশ আটক করেছে কিন্তু মাইনু উদ্দিন এখনো পলাতক রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গতকাল সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফরাজী বাজার এলাকায় অভিযান চালায়। ওই সময় ২৫০ গ্রাম গাঁজাসহ আসামি লিটন ও মাইনুদ্দিন কে আটক করে।
পরে আসামিদের স্বজনরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের ওপর আক্রমণ করে হাতকড়াসহ দুই আসামিকে ছিনিয়ে নেয়। শেষে স্থানীয়দের সহযোগিতায় লিটন কে আটক করে পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয় টি নিশ্চিত করে বলেন, ঘটনার এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটন কে আটক করে। অপর আসামি কে গ্রেফতারে চেষ্টা চলমান আছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ

