
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১১টি দোকান ও ১টি বাড়িতে।
গতকাল বুধবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল প্রকাশের পর দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে চরজব্বার ইউনিয়নের চেউয়াখালী, চর হাসান ভূঁইয়ার হাট বাজার ও পূর্ব চরবাটা ইউনিয়নের এলাকা গুলোতে পাল্টা-পাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- মোঃ এমরান, মোঃ হাশিম, মোঃ নুর মোহাম্মদ, মোঃ আশরাফ হোসেন, ছালাহ উদ্দিন, পারভেজ হোসেন ওরফে বাবলু, মোঃ মোস্তফা, মোঃ লোকমান হোসেন, মোঃ কালা মিয়া, মোঃ জাকের হোসেন, মোঃ আলতাফ হোসেন, মোঃ ছেরাজ, আবুল হাসেম, মোঃ আরিফ, রিয়াজ ভূঁইয়া।
আহতদের মধ্যে মেহরাজ, হাসেম, আরিফ ও রিয়াজ উদ্দিন ভূঁইয়া চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে বিজয়ী আতাহার ইশরাক শাবাব চৌধুরীর (আনারস মার্কার) সমর্থক। অন্যরা একই পদে পরাজিত এ এইচ এম খায়রুল আনম চৌধুরীর (দোয়াত কলম মার্কার)অনুসারী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানাযায়, ভোটের দিন সন্ধ্যায় বিভিন্ন কেন্দ্র থেকে নির্বাচনের ফলাফল আসতে শুরু করলে চেউয়াখালী বাজারে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের জেরে পাল্টা-পাল্টি হামলা হয়। এতে আহত ব্যক্তিদের মধ্যে ছালাহ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় চেউয়াখালী বাজারের জাকের ট্রেডার্স, শাহজাহান ট্রেডার্স, মিজান ট্রেডার্স, রহমান ফার্নিচার, রহমান ক্রোকারিজ, রহমান ইলেকট্রনিকস, রহমান সন্স, ভূঁইয়া ট্রেডার্স, ভূঁইয়া ইলেকট্রনিকস, সালাহ উদ্দিন স্টোর ও আওয়ামীলীগ অফিসে হামলা ও ভাচুরের ঘটনা ঘটে।
এ ছাড়া ভূঁইয়ারহাট বাজারের মোঃ হারুন নামের এক ব্যক্তির দুটি দোকান ও বাজারের পার্শ্ববর্তী আবু তাহের মাঝির বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ,এইচ,এম খায়রুল আনম চৌধুরীর সমর্থক ও চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, আনারস প্রতীকের আতাহার ইশরাক শাবাব চৌধুরীর অনুসারীরা প্রথমে হামলা ও ভাঙচুর করে।
পাল্টা-পাল্টি হামলার ঘটনার পর থেকে চেউয়াখালী ও চর হাসান ভূঁইয়ার হাট বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষে চেউয়াখালী বাজার ও চরজব্বারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে আনারস প্রতীকের সমর্থক চরজব্বার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিক উল্যাহ ও চেউয়াখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান বলেন, দোয়াত কলম প্রতীকের সমর্থকেরা তাদের প্রার্থী বিজয়ী হয়েছেন, এমন ভুয়া তথ্যে মিছিল থেকে হামলার সূত্রপাত হয়।
দোয়াত কলম প্রতীকের প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ঘটনাস্থল সমুহ পরিদর্শন করে বলেন, ভোটে হার-জিত থাকে কিন্তু এভাবে কারো সমর্থকের উপর এমন হামলা লজ্জাজনক। এসব ঘটনা যারা ঘটাচ্ছে তারা দুষ্কৃতিকারী। এসময় তিনি সকলকে ধৈর্য্য ধারণ করার অনুরোধ জানান।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউসার আলম ভূঁইয়া বলেন, পাল্টা-পাল্টি হামলার পর চেউয়াখালী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলা-ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতে দোয়াত কলম সমর্থকরা একটি অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

