
মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর ( নোয়াখালী) >>> নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা-বানোয়াট সাজানো অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ৫নং চর জুবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
বৃহস্পতিবার (২মে) সকাল সোয়া ১০ টায় চেয়ারম্যানের নিজ বাসভবনের অফিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাইফুল্ল্যাহ খুসরু বলেন, উজ্জ্বল কান্তি নামে এক লোক আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা নির্বাচনে আমি একটা প্রার্থীর পক্ষে কাজ করতেছি। ঘটনার দিন বিকেল আনুমানিক ৪ঘটিকার সময় হারিছ চৌধুরী বাজার অফিসে আমার প্রার্থী এসে বসে এ সময় উজ্জল কান্তি ওখানে দাঁড়িয়ে ছিলো। আমি তাকে বলেছি দাদা আপনি আরেকটা প্রার্থীর পক্ষে কাজ করেন আপনি এখান থেকে চলে যান, তখন উনি হাঁসতে-হাঁসতে চলে গেছেন। ওই সময় তিনি আমার থেকে ন্যূনতম দশ ফিট দুরে ছিলেন।
যখন তিনি ওখানে ছিলেন তখন তার গায়ে একটি সাদা রঙের পাঞ্জাবি এবং একটি সাদা পায়জামা পরা ছিলো এবং পাঞ্জাবির সাথে লাগানো বুকের মাঝে একটা চশমা ছিল।
কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি সে একটা গেঞ্জি পরা অবস্থায় আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি যদি তার গায়ে হাত দিতাম তার পাঞ্জাবি ছিড়ে ফেলতাম- তাহলে তার পাঞ্জাবি ছিড়া থাকতো কিন্তু তার গেঞ্জি ছিড়া থাকতো না।
আমাদের প্রার্থীর ইনশাআল্লাহ জয় নিশ্চিত, এটা ভেবে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এ ঘটনার রূপ দিচ্ছে। আমি মিডিয়ার মাধ্যমে সুবর্ণচরের জনগণের কাছে বিচার দিলাম- হারিছ চৌধুরী বাজারের জিরো পয়েন্টে সব সময় দুই চার পাঁচশ লোক থাকে। কেউ যদি বলতে পারে আমি তার গায়ে হাত দিয়েছি তাহলে আমার উপযুক্ত বিচার হবে।অন্য প্রার্থীর পক্ষ হয়ে তারা আমাকে হেয় প্রতিপন্ন করে আমার মানহানি করার জন্য এই সকল অপপ্রচার চালাচ্ছেন ।
আগামী ৮ই মে নির্বাচনকে কেন্দ্র করে তারা বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদেরকে হুমকি-দুমকি দিচ্ছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমি মাননীয় ডিসি, পুলিশ সুপার এবং চরজব্বর থানার অফিসার ইনচার্জ এর প্রতি বিনীত অনুরোধ করছি- সিসিটিভি ফুটেজ দেখে আপনারা সঠিক তদন্তের মাধ্যমে আমার অপরাধ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
তিনি আরো বলেন, হিন্দু সম্প্রদায়ের হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সকলের সাথে আমাদের সু-সম্পর্ক আছে তারা আমাদের ভাই আমরা সব সময় তাদের সুখে-দুঃখে বিপদে-আপদে তাদের পাশে আছি। আমার মানহানি করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশবাসীর কাছে আমি বিচার চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ছায়েদুল হক ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি আবুল কাশেম, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচরের এরিয়া ম্যানেজার আবদুল হক ও ৫নং চর জুবলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, যুবলীগ নেতা মুজিবুর রহমান, রফিক উল্লাহ বাদশাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

