
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ফাজিল মাদরাসা থেকে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র ছিল সে।
নিহত ফিরোজ কবির (২৩) দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাদুরিয়া গ্রামের আহমদুল হাছানের ছেলে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে সে মাদরাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ মরদেহ উদ্ধার করতে এসে নিহত ফিরোজের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানতে পারে, কিছুদিন আগে ফিরোজ বিয়ে করেছে। ফিরোজের স্ত্রী তাকে তার কাছে (চাটখিলে) নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক চাপ ও মানসিক হতাশা থেকে ফিরোজ আত্মহত্যা করেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এমদাদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

