ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০, প্রচার গাড়ি ভাংচুর

বিশেষ প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৪ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ)আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে প্রচারণাকালে নিজ দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে প্রচারণায় ব্যবহৃত তিনটি মাইক্রোবাস।

 

সংঘর্ষে উভয় পক্ষের আহতরা হলেন- নোয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা.জাফর উল্যা,কবিরহাট উপজেলা যুবলীগের সভাপতি আবুজাফর আবির,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়েজ উল্যাহ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাটইয়া ইউনিয়ন যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক লীগে নেতা ইসমাইল হোসেন সোলায়মান, ধানসিঁড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম, কাউন্সিলর জাসেদ, যুবলীগ নেতা তুহিন, কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাদ্দাম হোসেন সহ অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ১০ জনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে সাবেক মেয়র টিটু ও উপজেলা যুবলীগের সভাপতি আবিরের নেতৃত্বে তিনটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা ভূঁইয়ারহাটবাজারে আসে। পরে তারা নোয়াখালী-৫ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে ভূঁইয়ারহাট যাত্রী ছাউনির সামনে পথসভা করে নৌকার পক্ষে ভোট চান তারা।

 

এ সময় বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন এর নেতৃত্বে নৌকার মিছিল আসলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

 

এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পথচারী সহ বেশ কয়েকজন আহত হয়।

 

কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে অভিযোগ করে বলেন, প্রতীক বরাদ্দের পর বিভিন্ন সময় আমরা কাদের ভাইয়ের পক্ষে প্রচারণায় গেলে বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন আমাদের নেতাকর্মীদের মারধর ও বাধা দেয়। ওবায়দুল কাদের এর কবিরহাটের পথসভার দিনও শাহীনের নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়।

 

তিনি আরও অভিযোগ করে বলেন,আজ  প্রথমে আমরা নৌকার পক্ষে কাছারিহাট এবং ওটারহাটে প্রচারণা ও লিফলেট বিতরণ করার সময় শাহিন বাধা দেয়। পরে আমরা ভূঁইয়ারহাট বাজারে লিফলেট বিতরণ করার পর আমাদের নেতাকর্মীরা নৌকার ভোট চেয়ে বক্তব্য দিচ্ছিলো।

 

এ সময় শাহীনের পক্ষে স্লোগান দিয়ে তার অস্ত্রধারী লোকজন এসে প্রথমে আমাদের মাইকের তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের নেতাকর্মীদের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে এবং আমাদের তিনটি গাড়ি ভাঙচুর করে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়।

 

অভিযোগ অস্বীকার করে বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মীদের সঙ্গে কোনো প্রকার সমন্বয় না করে তারা নির্বাচনী প্রচারণায় এসে আওয়ামীলীগের নেতা-কর্মীদের নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়। আমরা ওবায়দুল কাদেরের প্রচারণা ও লিফলেট বিতরণ করতে করতে তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের নেতা-কর্মীরা আমাদের লোকজনের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে এবং কয়েকজনকে মারধর করে। এতে আমি সহ আমার ৪ জন নেতা কর্মী আহত হয়।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হুমায়ুন কবির বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচনী প্রচারণার সময় আওয়ামীলীগের দুই পক্ষে মধ্যে সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। এ সময় সংঘর্ষকারীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। তবে এখনও (নিউজ লেখা পর্যন্ত) কেউ লিখিত কোনো অভিযোগ দেয়নি।