নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১৬ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড দেখা যায়। র্যালিটি বসুরহাট পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

এর আগে বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করা প্রয়োজন। মাদক নির্মূলে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট বিএনপির সভাপতি আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌর যুবদলের সভাপতি ওবায়দুল হক রাফেল এবং কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ সাদী ভূঁইয়া বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
কর্মসূচিতে “শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি”—এই বার্তা সামনে রেখে মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।