ষনোয়াখালী সদর উপজেলার টাউনহল মোড় ও দত্তেরহাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকি অভিযানে দুইটি বিরিয়ানি হাউজকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।
অভিযানে টাউনহল মোড়ে অবস্থিত মেসার্স হাজী বিরিয়ানি হাউজে বাসি খিচুড়ি, তেহারি, বিরিয়ানি ও সিদ্ধ ডিম পলিথিনে ভরে ফ্রিজে সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়।
অধিদপ্তরের দাবি, এসব খাবার নতুন রান্না করা খাবারের সঙ্গে মিশিয়ে বিক্রির আশঙ্কা ছিল। এ বিষয়ে প্রতিষ্ঠানটি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা বাসি খাবার ধ্বংস করা হয়।
এদিকে দত্তেরহাট এলাকার মেসার্স টোকিও কাচ্চি বাড়ি-তে কাচ্চিতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, খাবারে রং প্রয়োগ এবং একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণের অভিযোগে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
অভিযানের সময় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তাও পর্যবেক্ষণ করা হয়। এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১১টা থেকে পরিচালিত এ অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অংশ নেয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।