নোয়াখালীর সেনবাগ উপজেলায় র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মোটরসাইকেলে মাদক পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে সেনবাগ থানাধীন সেবারহাট মধ্যম বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কের দক্ষিণ পাশে ইসলামিয়া ফার্মেসির সামনে যৌথ চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর এলাকার সাইফুল ইসলাম (৩৯) এবং মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।
অভিযানে তাদের কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ৩৮৬ গ্রাম), পাঁচটি মোবাইল ফোন এবং একটি সিএফ মোটো এনকে মোটরসাইকেল জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ওমর ফারুক ওরফে বুলেট ফারুক এবং পরে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলের দেওয়া তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেলে মাদক পাচারকারী চক্রটির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী, র্যাব-৭ সিপিসি-১ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাইফুল ইসলাম ও নজরুল ইসলামকে মোটরসাইকেলে করে ইয়াবা বহনের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বে নয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ)/২৬(১) ধারায় সেনবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।