বিয়ের ২দিন আগে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারনোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামে বিয়ের আয়োজনের মধ্যেই এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) দুপুরে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া (১৬) ওই গ্রামের সবজি ব্যবসায়ী রায়হানের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার তার গায়ে হলুদের অনুষ্ঠান এবং শুক্রবার বিয়ের দিন নির্ধারিত ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুমাইয়ার শৈশবে তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করলে সুমাইয়া বাবার সঙ্গেই বসবাস করে আসছিল।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ নিশ্চিত করেনি।
চাটখিল থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।