নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নোয়াখালী স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টায় নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
নোয়াখালীর সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, মো. সারোয়ার উদ্দিন, এ কে এম আমিনুল ইসলাম, ডা. জান্নাতুল নাঈম কেয়া এবং মো. সাইফুদ্দিন মোহাম্মদ চৌধুরী।
সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, আগামী ২৮ জুন জেলার সর্বত্র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ২ হাজার ২৭৭টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তার মধ্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বয়স ভেদে নির্ধারিত মাত্রার ক্যাপসুল প্রদান করা হবে।
সভায় আরও জানানো হয়, উপকূলীয় দুর্গম চরাঞ্চলে বসবাসরত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যাতে কোনো শিশু এ কার্যক্রমের বাইরে না থাকে।
জেলা স্বাস্থ্য বিভাগ শিশুদের অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।
সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।