নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে নোয়াখালীর মাইজদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমাম হোসেন বাবু (৩২) মারা যান। তিনি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা।

রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা হাসপাতালে জড়ো হন। এ সময় তারা অভিযোগ করেন, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না দেয়ায় বাবুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছান। এ সময় হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও অবহেলার অভিযোগ তদন্তের মাধ্যমে উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের স্বজনরা জানান, বাবুর শারীরিক অবস্থার অবনতি হলেও দ্রুত চিকিৎসা দেয়া হয়নি। তাদের দাবি, চিকিৎসকদের গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে হাসপাতালের ডিউটি ডাক্তার তৌহিদুল ইসলাম বলেন, রোগীর চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।