নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীতে মোবাইল কোর্টের মাধ্যমে দুই ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) জেলার কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলায় পৃথক দুটি অভিযান করা হয়। মঙ্গলবার দুপুরে দুটি অভিযানে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত দুই ভুয়া চিকিৎসক হলেন- কবিরহাট উপজেলার দয়া রামদি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে ফরহাদ উদ্দিন ওরফে সুমন (৩৪) এবং সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছ পাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে আবদুর রহমান (২৪) ।
ভ্রামমান আদালতের আদেশের পর উভয় ব্যক্তির কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয় এবং তাদের কে ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য বলা হয়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, উপজেলার ভূঁইয়ারহাট বাজারে হাঁড়ভাঙার চিকিৎসক সেজে ফরহাদ উদ্দিন ওরফে সুমন চিকিৎসকের প্যাড ব্যবহার করে নির্ধারিত ফি এর বিনিময়ে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দেব নাথ সহ ভূঁইয়ারহাট বাজারে অবস্থিত ইব্রাহিম মেডিকেল হল অ্যান্ড হাঁডভাঙ্গার চিকিৎসালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়া যায়। মোবাইলকোর্ট পরিচালনার সময় অভিযুক্ত ফরহাদ উদ্দিন নিজের দোষ স্বীকার করেন।
ওই সময় তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে ২০১০ সালের মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসির) আইনের ২৯ (২) এর ধারায় ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। আদেশের পর দন্ডপ্রাপ্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন।
অপরদিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বলেন, আবদুর রহমান নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসির) সনদ ব্যতীত আমিশা পাড়া ইউনিয়নের ঈদগাঁও বাজারে চিকিৎসক পরিচয় দিয়ে নির্ধারিত ফি এর বিনিময়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে উপজেলার ঈদগাঁ আমিন বাজারে তিনি অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ভুয়া চিকিৎসক চিকিৎসা সংক্রান্ত বিএমডিসির কোন সনদ দেখাতে পারেনি। যার প্রেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক আবদুর রহমান কে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে ভব্যিষতের জন্য সতর্ক করা হয়। নোয়াখালী মিডিয়া/নিউজ