নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক সার সহ ৯ পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে এসব সার পাচার হচ্ছিল বলে জানা গেছে।
রোববার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে ‘বিসিজি স্টেশন হাতিয়া’ বিশেষ অভিযান পরিচালনা করে। তারপর শনিবার (১ নভেম্বর) রাতে তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা ও মদ সহ বিভিন্ন মাদকদ্রব্য মিয়ানমার থেকে দেশে আনছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন ৩টি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার পাচার কাজে ব্যবহৃত ৩টি নৌকা এবং ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
আরও জানা যায়, আটক সারের চালান অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। জব্দ করা সার, নৌকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ১ হাজার ১৯৪ বস্তা সার, ৯ জন পাচারকারী ও জব্দকৃত ৩টি ট্রলার সহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। কোস্টগার্ড বাদী হয়ে তাদের নামে মামলা দায়ের করেছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।