নোয়াখালী সদর উপজেলায় ৪বছরের শিশু কন্যা সহ এক নারী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, একই বাড়ির মো. রুবেলের স্ত্রী রাবেয়া বসরী রাহী (২৭) এবং তার মেয়ে মাইশা (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে রুবেল রাহীকে বিয়ে করে। তিনি একটি মাংসের দোকানে চাকরি করেন। গত ১০ জুন রাহী তার বোনকে মুঠোফোনে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি দেয়।
রাহীর অভিযোগ ছিল তার স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করে। তার অন্য ২ ভাই নতুন ঘর করলেও তার স্বামী কোন ঘর করতে পারেনি। সংসারের দিকে তেমন খেয়াল রাখেনা। রুবেল তার বোনদের বেশি সহযোগিতা করত।
এসব ঘটনার জের ধরে রাহী স্বামীর ওপর অভিমান করে। বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের স্বামী কাজ থেকে বাড়ি ফিরে দেখেন স্ত্রী ও মেয়ের মরদেহ তার শয়ন কক্ষের আড়ার সঙ্গে ২টি রশিতে ঝুলছে। পরে তার শৌর-চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই ) লন্ডন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।