কুমিল্লায় বিদ্যালয় থেকে ফেরার পথে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ (খিলপাড়া) এলাকার একটি ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পড়ে ছিল বই-খাতা, স্কুলব্যাগ ও পোশাক।
পুলিশ জানায়, সোমবার সকালে স্থানীয় সোনালী শিশু বিদ্যা নিকেতন কিন্ডার গার্টেনে যায় খিলপাড়ার জাকির হোসেনের মেয়ে তাফরিন সুলতানা ঝুমুর (৮)। গরমের কারণে সকাল ১০টার দিকে স্কুল ছুটি হয়ে যায়।
এরপর দীর্ঘ সময় সে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে দুপুরে থানায় জিডি করেন শিশুটির মা। সেখান থেকে ফেরার পর বিকেল ৩টার দিকে ধানের জমিতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর মা রাজিয়া বেগম বলেন,আমাদের সঙ্গে কারো কোন শত্রুতা নেই। কেন আমার এই অবুঝ শিশুটিকে এভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলো? আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।
সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া বলেন, মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার (আজ) সকালে ময়না তদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন।